২৫ এপ্রিল ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সুস্থ জীবনযাপন করতে হলে সব বয়সী মানুষের মধ্যে খাদ্যের পুষ্টির জ্ঞান থাকা খুবই জরুরী। আমাদের দেশে এখন খাদ্যের অভাব নেই, তবে খাদ্যজ্ঞানের অভাব রয়েছে। বাইরের ফাস্ট ফুড পরিহার করে বাসায় তৈরি খাবার গ্রহণের উপর গুরুত্ব দিলে দেহের পুষ্টি যেমন বৃদ্ধি পাবে তেমনি রোগবালাই কম হবে। এক্ষেত্রে মায়েদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান তিনি।
বুধবার সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে র্যালি শেষে নগর ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী এ জেড নূরুল হক।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’। ২০২৫ সালের মধ্যে নানা ধরনের অপুষ্টি হ্রাস করতে ‘জাতীয় পুষ্টিনীতি ২০১৫’ এবং জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনাতে (২০১৬-২০২৫) কয়েকটি সূচক ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিশু জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮০ শতাংশে উন্নীত করা, ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে ২৫ শতাংশ করা। এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির হার কমিয়ে এক শতাংশের নিচে আনার অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিসিকের সচিব বদরুল হক, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধ্রুব পুরকায়স্থ, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান। এ সময় সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
(আজকের সিলেট/২৫ এপ্রিল/ডি/এসসি/ঘ.)