২৫ এপ্রিল ২০১৮
নিজস্ব প্রতিবেদক : পৌনে দুই কোটি টাকা রাজস্ব ফাকির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিশ্বনাথ আওয়ামীলীগের সভাপতি পংকি খানকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার সিলেট মহানগর দায়রা জজ মফিজুর রহমান ভুইয়া তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় পংকি আদালতে হাজির হন।
এসএমপির এসি (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
জানা যায়, কর ফাঁকির অভিযোগে পংকি খানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুদক মামলা (জিআর নং ২৯/২০১৮) দায়ের করে।
দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুর রহমান মামলাটি দায়ের করেন। মামলায় পংকি খান ছাড়াও আরোও ৬ জন আসামী রয়েছেন।
আসামীরা হচ্ছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়ার ইংল্যান্ড প্রবাসী রূপা মিয়া, সুনামগঞ্জ সদরের বসুন্ধরা আবাসিক এলাকার মোরশেদ আলম বেলাল, সুনামগঞ্জ সদরের হাছননগরের রোমান রায়হান, বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক বরিশালের মুলাদী উপজেলার চর নাজিরপুরের বাসিন্দা মো. এনায়েত হোসেন
দুদক সূত্রে জানাগেছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজসে আমদানীকৃত বিলাসবহুল দামি গাড়ি চোরাইভাবে বিক্রয় ও জাল কাগজপত্র তৈরি করে রেজিস্ট্রেশনপূর্বক সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার অপরাধ করেছেন। সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা।
(আজকের সিলেট/২৫ এপ্রিল/ডি/কেআর/ঘ.)