২৪ এপ্রিল ২০১৮

শাবি প্রতিনিধি
সহ-শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রদত্ত ‘সাস্টসিসি সম্মাননা-২০১৮’ পেয়েছেন আটজন শিক্ষার্থী এবং দুই সংগঠন।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন।
থিয়েটার ক্যাটাগরিতে নাট্য সংগঠন দিক থিয়েটারের তনু দীপ, সাংবাদিকতা ক্যাটাগরিতে ফয়জুল্লাহ ওয়াসিফ, সাহিত্যে কৌস্তুভ ইসলাম, আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে মাহমুদুল হাসান, ইনোভেশনে একুশে বাংলা কিবোর্ড, খেলাধুলায় শরীফ আহমেদ, ফিল্ম মেকিং চৈতন্য রাজবংশী, ফটোগ্রাফি নাফিউল ইসলাম, উদ্যোক্তায় অজিভ এনালাইটিকস এবং বিতর্কে আশিক শাওনকে সাস্টসিসি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ আয়োজিত তৃতীয় সাস্টসিসি ফেস্টিভালে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে ড. আতিউর রহমান এসব কথা বলেন।
ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. আতিউর রহমান বলেন, গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১১৪তম। আমাদের ইনোভেশন আরো বাড়াতে হবে। ইনোভেশনের একটি সংস্কৃতি আছে সেটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শিখতে হবে। নতুন ভাবনা, নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে।’
“ আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা পড়তে চাই না, জানতে চাই না। আমাদের আউটসোর্সিং এর বিষয়ে জানতে হবে। ই-কমার্সকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থী হিসেবে তোমরা ই-কমার্সের দিকে মনোযোগ দিতে পারো, আউটসোর্সিং নিয়ে কাজ করতে পারো।”
তিনি আরও বলেন, আমাদের দেশের মত উদ্যোক্তা মনা মানুষ পৃথিবীর অন্য কোন দেশে নেই। এদেশের কৃষক থেকে শুরু করে সবাই উদ্যোক্তা।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি স্বপন আহমেদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনের এই ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, অধ্যাপক ড. মোজাম্মেল হক, পূবালী ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক বিএম শহীদুল হক, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘পদ্মা ব্রিজ তৈরি করার জন্য বাংলাদেশকে এক সময় বিভিন্ন দেশ এবং আর্ন্তজাতিক ব্যাংক টাকা দিতে চায়নি। কিন্তু এখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এখন অনেক দেশ এবং ব্যাংক বাংলাদেশকে টাকা দেয়ার জন্য পিছনে ঘুরছে।’
এসময় ক্যারিয়ার ক্লাবের বার্ষিক ম্যাগাজিন “স্ফুরণ” এর মোড়ক উন্মোচন ও ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।