২৩ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে অগ্নিকাণ্ডে একটি তেলের গোদাম ভষ্মীভুত হয়েছে। ব্যাটারি চালিত রিকশায় চার্জ দিতে গিয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার প্রথম প্রহর রাত আড়াইটায় শিববাড়িস্থ দেব মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শিববাড়িস্থ দেব মার্কেটের একটি দোকান ৫ মাস আগে ভাড়া নেন সুহেল রানা নামের একজন । তিনি এ দোকানে দুটি প্রসাধনী তেলের গোদাম করেন। দোকানটিতে তিনি ওই দুটি কোম্পানির তেল মজুদ করে রেখেছিলেন এবং এখান থেকে পাইকারি দামে বিপনন করতেন। বৃহস্পতিবার প্রথম প্রহর রাত আড়াইটার দিকে হঠাৎ এ দোকানে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান- রিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে চার্জারের সার্কিট শর্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। অগিনকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫ লক্ষ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।