২৪ এপ্রিল ২০১৮
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : লোহাজুড়ি ছড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে বিদ্যালয়টির অবস্থান। ৩৬৫ জন ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়টিতে ৩০ জোড়া ব্রেঞ্চ রয়েছে। বিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রী সময়ের আগে আসে, শুধু তারাই বেঞ্চে বসতে পারে। অন্যদের বিদ্যালয়ের মেঝেতে বসে পাঠদান করতে হয়।
সোমবার ছিল বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রতি বেঞ্চে দুইজনের বসার আসন থাকার কথা থাকলেও তারা বসেছে প্রতি ব্রেঞ্চে চারজন করে। বাকিরা বসেছে বিদ্যালয়ের মেঝেতে গাদাগাদি করে। ছাত্রছাত্রীর সংখ্যা ৩৬৫ জন হওয়ায় প্রথম দিনে পরীক্ষা নেয়া হয়েছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেীনর ছাত্রছাত্রীদের। তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭৬ জন, চতুর্থ শ্রেণির অংশ নেয় ৫২ জন ও পঞ্চম শ্রেণির অংশ নেয় ২৬ জন।
৩৬৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১৫৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের মধ্যে অর্ধেক ছাত্রছাত্রী বিদ্যালয়ের মেঝেতে বসে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
লোহাজুড়ি ছড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল্লাহ বলেন, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে আসবাবপত্রের সংকট রয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানিয়েছি।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, লোহাজুড়ি ছড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র ও মেরামতের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে চাহিদা প্রেরণ করেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব বলেন, বিষয়টি আমি শুনেছি। সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।
(আজকের সিলেট/২৪ এপ্রিল/ডি/কেআর/ঘ.)