২২ এপ্রিল ২০১৮


সুনামগঞ্জের ৫ উপজেলা ছাত্রলীগ কমিটি অবৈধ ঘোষণা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : শুক্রবার অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের কয়েক ঘণ্টা আগে গঠিত বিভিন্ন উপজেলা ছাত্রলীগের পাঁচটি ইউনিট কমিটি অবৈধ ঘোষণা করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

বৃহস্পতিবার রাতে তড়িঘড়ি করে সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের কমটি অনুমোদন দেন জেলা ছাত্রলীগের বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক আরিফুল আলম। এতে স্বাক্ষর করেন বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক মাসকাওয়াত জামান ইন্তি ও সোহেল রানা।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শনিবার গণমাধ্যমকে বলেন, সুনামগঞ্জে জেলা ছাত্রলীগের সম্মেলনের আগের দিন কিছু ইউনিটে ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ওই কমিটিগুলো জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও অন্যান্য যুগ্ম আহ্বায়ক ঐক্যমতের ভিত্তিতে অনুমোদন দেননি। এতে সকলের স্বাক্ষরও নেই বলে জেনেছি আমরা। এছাড়া জেলা ছাত্রলীগের সম্মেলনের আগের দিনরাতে এভাবে কমিটি দেয়ার এখতিয়ার কারো নেই।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় কমিটিকে অবহিত না করে তড়িঘড়ি করে গঠিত এ কমিটিগুলো সম্পূর্ণ অবৈধ।’

এ দিকে এসব কমিটিকে অবৈধ ঘোষণা করায় জেলার তৃণমূল ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অপরদিকে ইউনিট কমিটি গঠনকারীরা বলছেন, আহ্বায়ক কমিটি বহাল থাকাবস্থায় তারা এসব কমিটি করেছেন। কাজেই এসব কমিটি অবৈধ নয়।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর ২০১৭ সালের ১১ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফজলে রাব্বী স্মরণ ও রফিক চৌধুরীর নেতৃত্বাধীন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে দীর্ঘবিরতি দিয়ে একই বছরের ৩ ডিসেম্বর আরিফ উল আলমকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন।

(আজকের সিলেট/২২ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন