২২ জুলাই ২০১৭


খালেদা গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন : হাবিব সিরাজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেশের গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ।

তিনি বলেন, লন্ডনে খালেদা তার দুর্নীতিবাজ ছেলে তারেক রহমানের সাথে কিভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা যায় সেই শলা-পরামর্শে লিপ্ত রয়েছেন। এছাড়া গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রের প্রধানের ভূমিকায়ও খালেদা রয়েছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা।

শনিবার সিলেটে জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শ্রমিক লীগ নেতাকর্মীদের সংগঠনে অনুপ্রবেশকারী রোধে সজাগ থাকারও আহ্বান জানান। এছাড়া আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এখন থেকে মাঠে নামার নির্দেশনাও দেন।

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের সভাপতিত্বে ও মহানগর শ্রমিক লীগের সদস্য সচিব জাকারিয়া টিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের সিলেট জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক লীগের কার্র্যকরি কমিটির সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

 

 

(আজকের সিলেট/২২ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন