২৭ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি : চায়ের রাজ্য মৌলভীবাজার জেলা। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এ জেলার বিগত প্রতিটি নির্বাচনে নৌকার প্রার্থীরা আশাহত ফলাফল করেছেন। সেই ধারাবাহিকতার ব্যত্যয় এবারের নির্বাচনেও হবে না। জেলা চারটি সংসদীয় আসনের মধ্যে মৌলভীবাজার-১,৩ ও ৪ আসনে নৌকার প্রার্থীর বিপরীতে তেমন কোনো শক্ত প্রার্থী নেই। এ কারণে এই তিনটি আসনে নৌকার জয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন স্থানীয় ভোটারেরা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার ৪টি আসনের দুটিতে নৌকার নতুন মুখের প্রার্থী এবং দুটিতে পুরনো প্রার্থী দেওয়া হয়েছে। নতুন আর পুরনো প্রার্থী মিলে এবারের নির্বাচনের হিসেবে নিকাশে নৌকার প্রার্থীরা রয়েছেন অনেকটা এগিয়ে।
নতুন মুখের প্রার্থীরা হচ্ছেন, মৌলভীবাজার-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার-৩ আসনে শিল্পপতি জিল্লুর রহমান।
এদিকে পুরনো প্রার্থীদের মধ্যে আছেন মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গত তিনবারের সংসদ সদস্য, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন ও মৌলভীবাজার-৪ আসনে ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন। এখানে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে মোট ভোটার তিন লাখ ১৫ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬০ হাজার ২৭৮ জন। নারী ভোটার এক লাখ ৫৫ হাজার ৫৬৭ জন। এ আসনে নৌকার প্রার্থী পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন আছেন শক্ত অবস্থানে।
মৌলভীবাজার- ২ (কুলাউড়া) আসনটি একটি পৌরসভা ও ১৩ ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার দুই লাখ ৮৫ হাজার ২১২ জন। এরই মধ্যে পুরুষ ভোটায় এক লাখ ৪৬ হাজার ৫০৯ জন। নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৭০৩ জন।
এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—নৌকার শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান ও মো. আব্দুল মতিন, তৃণমূল বিএনপির এম এম শাহীন, ইসলামী ঐক্যজোটের মাওলানা আসলাম হোসাইন রাহমানী, বিকল্পধারার মো. কামরুজ্জামান শিমু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে এনামুল হক মাহতাব ও জাতীয় পার্টির আব্দুল মালিক।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, জেলার মধ্যে কুলাউড়ার এই আসনের হিসেব মেলানো কঠিন। গত কয়েক বছর ধরে এ আসনে আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী জয়ী হতে পারেননি, তবে এ আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে যিনি দলের তৃণমূল কর্মী ও ব্যক্তিগত ইমেজ নির্বাচনী মাঠে কাজে লাগাতে পারেন তার সমূহ সম্ভাবনা রয়েছে নির্বাচনে বিজয়ী হওয়ার।
এদিকে একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার- ৩ (সদর- রাজনগর) সংসদীয় আসন গঠিত। এখানে মোট ভোটার চার লাখ ৫৬ হাজার ৩৮৫ জন। এরই মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩১ হাজার ৮৪৪ জন। নারী ভোটার দুই লাখ ২৪ হাজার ৫৪১ জন।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন নৌকা প্রতীকের জিল্লুর রহমান, জাসদের আব্দুল মোসাব্বির, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান ও এনপিপির মো. আবু বকর, সাংস্কৃতিক মুক্তিজোটের মো: ফাহাদ আলম ও ইসলামী ফ্রন্টের মো.আব্দুর রউফ।
শিল্পপতি জিল্লুর রহমান এবার নৌকা প্রতীক পেয়েছেন। এ আসনে নেই শক্ত কোন প্রতিদ্বন্দ্বী। ফলে এই আসনে নৌকার বিজয় সময়ের ব্যাপার মাত্র।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনটি দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার চার লাখ ৫৯ হাজার ১১০ জন। তার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩১ হাজার ১৪৯ জন। নারী ভোটার দুই লাখ ২৭ হাজার ৯৫১ জন।
এই আসনে নৌকা প্রতীকের উপাধ্যক্ষ আব্দুস শহীদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামি ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন ও বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আব্দুল মুহিদ হাসানী।
এ আসনে আওয়ামী লীগ থেকে ছয় বারের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের বিজয় নিশ্চিত বলে জানান স্থানীয়রা।