২৪ ডিসেম্বর ২০২৩


বিএনপি দিন দিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : প্রবাসীকল্যান মন্ত্রী

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : একটি রাজনৈতিক দলের সিদ্ধান্তের কারণে পুরো জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে নাম বলে মন্তব্য করে সিলেট-৪ আসনে নৌকার প্রার্থী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাতীয় স্বার্থ বিরোধী রাজনীতি করায় দলটি দিন দিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

রোববার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দেশের ঈর্ষণীয় অগ্রগতির ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ নিয়ে আগ্রহ ও গুরুত্ব বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ফলে আন্তর্জাতিক মহলে আমাদের কদর ও সমাদর বেড়েছে। এক সময় প্যারিস কনসোর্টিয়ামে দাতা সংস্থাগুলো থেকে ঋণের জন্য বাংলাদেশের অর্থমন্ত্রীকে দরবার করতে হতো। বর্তমানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আমাদের কাছে এসে ঋণ দিতে ইচ্ছা পোষণ করে, কারণ বাংলাদেশ কখনো ঋণখেলাপি হয়নি।

আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের সকল নেতাকর্মী ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য উৎসাহিত করবেন। কোনো জবরদস্তি নয় বরং ভোটারদের বোঝাতে হবে ভোট তার নাগরিক অধিকার।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মীয় বিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোজাম্মেল হক মেনন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ প্রমুখ।

শেয়ার করুন