১৮ এপ্রিল ২০১৮

শাবি প্রতিনিধি
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমনিারে উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের শুধু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠতম ভাষণ। একটি ভাষণ কিভাবে পুরো একটি জাতিকেই উদ্বুদ্ধ করতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এটি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
হারুন-অর-রশিদ বলেন, বিশ্বের অন্যান্য জাতীয় নেতাদের শ্রেষ্ঠ ভাষণগুলোর প্রায় সব ভাষণই ছিল লিখিত হলেও বঙ্গবন্ধুর ভাষণ ছিল অলিখিত। এই একটি ভাষণই একটি জাতি রাষ্ট্র তথা বাংলাদেশ সৃষ্টি করেছে যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। এই ভাষণের পথ ধরেই মুক্তিযুদ্ধে বিজয় ও বাংলাদেশের স্বাধীনতা। এটিই একমাত্র ভাষণ, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব-ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃত।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে ‘৭ ই মার্চের ভাষণ ও একটি জাতি-রাষ্ট্র সৃষ্টি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।
সেমিনারে প্রবন্ধের উপর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ও সেমিনারটির সমন্বয়ক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম। অনুষ্ঠান স লনা করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমীন স্বাতী।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. কবির হোসেন, শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ইমরান খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রবন্ধের তথ্যের গুরুত্ব উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের অন্তরে লালন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙ্গালী জাতির সম্পদ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। আমাদের উচিত হবে তাঁর আদর্শকে অনুসরণ করা।
প্রধান আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ভাষণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি ; বরং সারা জীবন এ জাতির জন্য কাজ করে গেছেন। জীবনভর আত্মত্যাগ, নেতৃত্বে দৃঢ়তা এবং লক্ষ্যে অবিচলতা তাঁকে বাঙ্গালি জাতির কাছে শ্রেষ্ঠ সন্তানে পরিণত করেছিল।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সকালে শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১৭ এপ্রিল/ঘ.)