৫ এপ্রিল ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : সরকারি নিয়ম অনুযায়ী মাহে রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস করানোর কথা থাকলেও গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ করে দেওয়া হয়। এই অভিযোগে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: শামীমা নাসরিন, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, মোছাঃ মাসহুদা খানম কনা, সুহেদা আক্তার, সংগীতা নাথ ও রাবেয়া আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার স্বাক্ষরিত এক পত্রে তাদের এ নোটিশ দেওয়া হয়।
জানা যায়, মঙ্গলবার সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুপুর ২টা ৩০মিনিটে দিকে বন্ধ করে দেয় ওই বিদ্যালয়ের শিক্ষকরা। যেখানে বিকেল সাড়ে ৩টায় ছুটি দেওয়ার কথা। এ অভিযোগে নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
এ ছাড়াও ওই শিক্ষকদের নামে প্রতিদিনই নির্ধারিত সময়ের আগে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে দিয়ে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে।