১২ ডিসেম্বর ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেছেন, আমরা মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করেছি। কিন্তু মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি। বাজারে জিনিসপত্রে অগ্নিমূল্য। রাস্তায় কাজ করলে ঠিকাদাররা লুটপাট করে। মানুষ কথা বলতে পারে না। আমরা ৩০০ আসনে এককভাবে নির্বাচন করব। মানুষ ভোট দিবে ব্যক্তি দেখে, প্রতীক দেখে নয়।
মঙ্গলবার গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড এ সভার আয়োজন করে।
তিনি আরও বলেন, দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যাতে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শফিকুর রহমানের সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, আব্দুল মুতলিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল আলম, মঞ্জিল আহমদ ও জহিরুল ইসলাম প্রমুখ।