১৫ এপ্রিল ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। প্রথম দিনের অভিযানে ৮টি যানবাহন চালকের কাছ থেকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার বিকেলে শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের সুরমা গেইট বাইপাস সড়কে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান এবং আশরাফুল হক।
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস যাচাই ছাড়াও যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, হেলমেট পরিধান না করায় ৮ চালকের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান বলেন, বিশেষ করে ফিটনেস বিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ও কালো ধোয়া নির্গত যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এখন থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
(আজকের সিলেট/১৫ এপ্রিল/ডি/এসটি/ঘ.)