১০ ডিসেম্বর ২০২৩
লাহোর প্রদেশের বাসিন্দা মাহা বাজোয়ার (৩০)। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশি স্বামীর খুঁজে হবিগঞ্জে এসেছেন এক পাকিস্তানি নারী। গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন তিনি। পরে শুক্রবার রাতে চুনারুঘাট পৌরসভাধীন উত্তর বড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে ওঠেন ওই নারী।
পাকিস্তানি ওই নারীর নাম মাহা বাজোয়ার (৩০)। তিনি লাহোর প্রদেশের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে। মাহার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে।
জানা গেছে, ১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের সাথে পরিচয় হয় মাহার। পরে তারা বিয়েও করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে ডিভোর্স দেন সাজ্জাদ। তবে সেই ডিভোর্স মেনে নেন নি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান তিনি।
এ বিষয়ে সাজ্জাদের ভাই স্বপন বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে চাকরি করতেন সাজ্জাদ। সেখানে মাহার সঙ্গে তার পরিচয়। পরে তারা বিয়ে করেন। এক পর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও বাংলাদেশে এসে হাজির হয়েছেন। এলাকার গণ্যমান্যদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে। পাকিস্তানের ওই নারী বর্তমানে তার আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।
হবিগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ২০১৮ সালে মাহা ও সাজ্জাদের তালাক হয়। কিন্তু মাহা তা মেনে নিচ্ছেন না। তিনি স্বামীর সঙ্গে সংসার করতে চান।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, মাহা ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এদেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেন নি। ওই নারী থানায় এসেছিলেন এবং পরবর্তীতে আবারও আসবেন বলে চলে যান।