৪ ডিসেম্বর ২০২৩
খলিলুর রহমান : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন একটি মর্যাদার আসন। এই আসনে বিজয়ী দলই সবসময় সরকার গঠন করে থাকে। এমন রেওয়াজ প্রচলিত আছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে। তবে এবার এ আসনে সরকারদলের মুখোমুখী শক্তিশালী তেমন কোনো রাজনৈতিক দল বা প্রার্থীই নেই। আছেন আওয়ামী লীগের প্রভাবশালী দুই প্রার্থী।
তাই অতি মর্যাদার সিলেট-১ আসনে ভোটযুদ্ধ হতে চলেছে সরকারদল আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই।
এই আসেনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোসেন এমপি। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দু’বারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি অ্যডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি আবার কোনো ডামি প্রার্থীও নন। শাসকদলের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা হয়েও তিনি হয়েছেন স্বপ্রণোদিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী।
নির্বাচনে ডামি কিংবা স্বতন্ত্র প্রার্থী হওয়াতে সরকার দল আওয়ামী লীগের কোনো বাধাবাধ্যকতা না থাকায় অ্যডভোকেট মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে দলেীয় সূত্রের দাবি।
তবে এই আসনে আরো ২ দলের প্রার্থী আছেন, তারা হলেন-বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী ও ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল হক।
বিশ্লেষকদের ধারণা, নবাগত এই দুই দলের সিলেটে তেমন কোনো পরিচিতি নেই, নেই প্রার্থীদের দলীয় ভিত। নির্বাচনী ভোটযুদ্ধে এই দুই দলের প্রার্থী সরকারদল আওয়ামী লীগের ‘ডামি প্রার্থী’র মর্যাদা পেতে পারেন।
তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে মর্যাদার আসন সিলেট-১ এ আগামী ৭ জানুয়ারীর ভোটযুদ্ধ হতে পারে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ।