২ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের পক্ষে থেকে গ্রেফতার হওয়া মৌলভীবাজারের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে বিভিন্ন ফলের ঝুড়ি। এতে থাকছে আঙ্গুর, আপেল, কলা, আনারস, কমলা ও পেয়ারা। প্রথম দিন শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলায় গ্রেফতার নেতাকর্মীদের বাড়িতে ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।
জানা যায়, ২৮ অক্টোবরের ঢাকার মহাসমাবেশ থেকে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১১টি মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। সব মামলার বাদী পুলিশ। তাই গ্রেফতার নেতাকর্মীদের জেলখানায় অর্থ পাঠানো, অসচ্ছল বিএনপি পরিবারের সদস্যদের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী ও ফল পাঠানো এবং কারাবন্দি নেতাকর্মীদের জামিনে আইনি সহায়তা দিয়ে আসছেন নাসের রহমান।
এসব ফল পৌঁছে দেন সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ, জেলা তাঁতি দলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ, সদর উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুবদল নেতা আবু সুফিয়ান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ কাশেম।
জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, দলের গ্রেফতার হওয়া কারাবন্দি নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ও তাদের পরিবারে মনোবল জোগাতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের পক্ষ থেকে বাড়ি বাড়ি ফলের ঝুড়ি পাঠানো হচ্ছে। শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় পাঠানো হবে।