৯ জুন ২০২০
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল লাইনে কাটা পরে একজন নারী নিহত হয়েছেন। ওই নারীর সাথে থাকা চার বছরের এক শিশুও গুরুতর আহত হয়েছে। নিহত নারীর নাম উজ্জ্বলা রানী দাশ (৩০)। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজ চন্দ্র দাশের মেয়ে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেল লাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।
তার শরীর কোমর থেকে কেটে দুই ভাগ হয়ে যায় এবং সাথে থাকা বাচ্চাটির একটি পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত শিশুকে তাৎক্ষনিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। রাজনগর থানার মাধ্যমে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।