৩০ নভেম্বর ২০২৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুয়েল বক্ত (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রুয়েল বক্ত উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল বক্তের ছেলে।
বুধবার রাতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে উপজেলা-ইসলামপুর সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৌলভীবাজারে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আদমপুর ইউনিয়নে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি দুর্ঘটনায় পতিত হয়। এ সময় রুয়েল বক্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।