২৭ নভেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট: সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করে আসা বিএনপি এবার সিলেটসহ দেশজুড়ে একসঙ্গে হরতাল ও অবরোধের ডাক দিয়েছে। আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করবে দলটি। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই মুখপাত্র।
বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব জানান, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহন হরতাল-অবরোধের কর্মসূচির আওতার বাইরে থাকবে।