২৭ নভেম্বর ২০২৩


হবিগঞ্জে কপাল পুড়ল মজিদ-মিলাদের

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন হবিগঞ্জের বর্তমান দুই প্রভাবশালী এমপি হবিগঞ্জ-২ আসনে মো. আব্দুল মজিদ খান এবং হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। আব্দুল মজিদ খানের পরিবর্তে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও শাহনওয়াজ মিলাদের পরিবর্তে ডা. মুশফিক হুসেন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মনোনয়ন তালিকা প্রকাশের পর দেখা যায়, এ দুটি আসন ছাড়া অন্য দুটি আসনে বর্তমান সংসদ সদস্যরা মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- হবিগঞ্জ ১ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য মো. আবু জাহির এবং হবিগঞ্জ ৪ আসনে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

নৌকা প্রতীক পাওয়া দুই নতুন মুখের মধ্যে ডা. মুশফিক হুসেন চৌধুরী হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। এবং ময়েজ উদ্দিন শরীফ রুয়েল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ আব্দুল মজিদ খান বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে।

এলাকার রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠা এই দুই নেতা দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ায় জোরেশোরে আলোচনা হচ্ছে। আনন্দ-উল্লাস করতে দেখা গেছে তার বিরুদ্ধের নেতাকর্মীদের।

শেয়ার করুন