২৪ নভেম্বর ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি: দেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে দেশসেরা ১০টি হাসপাতালের তালিকার শীর্ষে রয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকের নির্ধারিত মানদণ্ডে সারাদেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল। চলতি বছরের অক্টোবর মাসের পারফরমেন্সের ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকার দ্বিতীয়তে রয়েছে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। তৃতীয়স্থানে আছে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল।
বৃহস্পতিবার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সুপার (ভারপ্রাপ্ত) ডা. বিনেন্দু ভৌমিক জানান, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সারাদেশের মধ্যে প্রথম হওয়া সম্ভব হয়েছে। হাসপাতালের সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও মাতৃসেবা, শিশু সেবা, প্রসবকালীন সেবা, রোগী ভর্তির হার, অপারেশন, অক্সিজেন সরবরাহ, ডায়ালাইসিস, সিটিস্ক্যান সেবা আমাদের অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, প্রাণান্ত চেষ্টা ছিল আমাদের সকলের একটা নির্দিষ্ট মানে হাসপাতালকে নিয়ে যাওয়া। এর ফল আমরা পেয়েছি। আমাদের সেই চেষ্টা অব্যাহত রাখবো। তবে আপামর সকলের সহযোগিতা ও পরামর্শ আমরা সবসময় কামনা করি।