৮ নভেম্বর ২০২৩


সিলেটসহ দেশজুড়ে আজ থেকে তৃতীয় দফা অবরোধ শুরু

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ থেকে সিলেটসহ দেশজুড়ে বিএনপি ও জামায়াতের তৃতীয় দফা অবরোধ শুরু।

দুই দফায় পাঁচদিনের অবরোধ শেষে গত সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তৃতীয় দফার এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপিসহ সমমনা অন্যান্য দলগুলোও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সড়ক, রেল ও নৌপথে আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার এ কর্মসূচি শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

এর আগে সরকার পতনের চূড়ান্ত ধাপের আন্দোলনের কর্মসূচি হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। হরতালের দিন সকালেই গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। এর বাইরে সারা দেশে কয়েকশ নেতাকর্মীকে গ্রেফতারের দাবি করা হয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে বিএনপি টানা তিনদিন অবরোধ কর্মসূচি ঘোষণা করে। দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে টানা ৪৮ ঘণ্টা একই কর্মসূচি পালন করে দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অভিযোগ করেন, ‘আন্দোলন দমাতে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী নেতাকর্মীদের নতুন করে আবারো গুম করতে শুরু করেছে। তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের খোঁজ দিচ্ছে না। এই যে তুলে নিয়ে যাওয়া, এই যে অদৃশ্য করা, নতুন করে আবারো গুম শুরু হয়েছে।’

অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ হবে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের এ অবরোধ কর্মসূচি গণদাবির ওপর ভিত্তি করে। এটা নিছক বিএনপির কোনো দলীয় কর্মসূচি নয়। এটা সামগ্রিকভাবে গোটা জনগণ যে তার মালিকানা বঞ্চিত হয়েছে, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘদিন রক্ত ঝরিয়েছে, তাদের ঋণ পরিশোধের জন্য। বিএনপিসহ সমমনা জোটগুলো এ সংগ্রাম করছে এবং নানা রকমের রাষ্ট্রীয় উৎপীড়নের মুখেও তারা মাঠে আছে।’

এএস // আতারা

 

শেয়ার করুন