৬ নভেম্বর ২০২৩


সেতু নির্মাণে বাংলাদেশ বিশ্ব রেকর্ড করেছে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বালাগঞ্জ সদর উপজেলার বড়ভাঙ্গা নদী‌তে ১২৮ কো‌টি টাকা ব‌্যয়ে দু’‌টি ব্রীজের স্থাপনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সেতু নির্মাণে বাংলাদেশ বিশ্ব রেকর্ড করেছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর তলদেশে ট্যানেল উদ্বোধন করেছেন। এর আগে তিনি একদিনে একশটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এরপর একদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেড়শটি সেতু উদ্বোধন করেছেন। তিনি বলেন, সিলেটেও ঢাকা-সিলেট মহাসড়ক ৬লেন হচ্ছে। সিলেট-তামাবিল সড়ক হচ্ছে।এসব সড়কের কাজ শেষ হলে সিলেটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেটবাসীকে আগাম দাওয়াত দিয়ে বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকেই আগামী নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই সমাবেশে তিনি সিলেটবাসীকে দলে দলে যোগ দেয়ার আহবান জানান।

সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট সড়ক জনপদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সিলেট সড়ক জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.ফজলে রাব্বী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

শেয়ার করুন