২৬ ডিসেম্বর ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বর উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক বলেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কোনো সচিব বা পিএসসির কোনো সচিব নির্বাচন করছে না। আমি অবসর গ্রহণ করেছি। সুনামগঞ্জের ধারারগাঁওয়ের সাধারণ একজন নাগরিক সংসদ নির্বাচন করছে। বরং আমার কর্মীরা প্রেসারের মধ্যে আছে। কেননা এটা তো সত্য তিনি (পীর ফজলুর রহমান মিসবাহ) এখনো সংসদ সংসদ এবং আমি তার সঙ্গে নির্বাচন করছি। সরকারি কর্মচারীরা আমার পক্ষে অবস্থান নেননি। এসব ভিত্তিহীন অভিযোগ শুনলে দুঃখ লাগে।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এর আগে রোববার সরকারি কর্মকর্তারা নৌকার পক্ষে কাজ করছেন বলে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের কাছে অভিযোগ জানান সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ সাদিক আরও বলেন, আমি নির্বাচন কমিশনের সচিব নই, আমি পিএসসি চেয়ারম্যানও নই। আমি সাবেক। বর্তমান সংসদ সদস্যের অনেক সুযোগ-সুবিধা আছে। তিনি দুইবারের সংসদ সদস্য। ভোটারদের সঙ্গে তার অনেকভাবে সম্পর্ক আছে। আমার কর্মীরা মাঝে মাঝে বলে, তারা সংকীর্ণ থাকে। তবে আমি তাকে (পীর ফজলুর রহমান মিসবাহ) কোনো দোষারোপ করছি না।