৫ নভেম্বর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : সিলেটসহ দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ (রবিবার) সকালে সিলেটের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত পিকেটিং করছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

জকিগঞ্জ থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, ভোরবেলা সিলেট-জকিগঞ্জ সড়কের মানিপুর ও কাজলশাহ এলাকায় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মী গাছ ফেলে ও শুকনো ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেছেন।
দক্ষিণ সুরমা প্রতিনিধ জানান,সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইট ছড়িয়ে-ছিটিয়ে পিকেটিং করেছেন উপজেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫-২০ জন নেতাকর্মী। রাস্তার পাশে রাখা ইট ভেঙে সিলেট-ঢাকা মহাসড়কে ছিটিয়ে দেন এসব নেতাকর্মী। এসময় তাদেরকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শাহপরান প্রতিনিধি জানান, সকালে মহানগরীর খাদিমনগরে পিকেটাররা গাড়ি ভাঙচুর করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
জাফলং থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সিলেট-তামাবিল সড়কের জাফলং এলাকায় একটি অটোরিকশা ভঙচুর করেছেন পিকেটাররা। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায় নি।
এদিকে সিলেটের মোগলবাজার থানায় বিএনপির দুই নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। রোববার সকালে আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছে জেলা বিএনপির দায়িত্বশীল সূত্র।
আটকৃতরা হলেন, জালালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল আহমেদ এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সেকুল আহমদ। এ বিষয়ে মোগলাবাজার থানার ওসিকে মুঠোফোনে কল করা হলে তিনি বলেন,’বিষয়টি আমার জানা নেই। অফিসে পৌঁছে জানাতে হবে।’
একই থানার ডিউটি অফিসার সফিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন,’এটা এখন বলা যাবে না। আমি একটু ব্যস্ত আছি।’
এএস // আতারা