৩ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। বিভাগের সিলেট ও সুনামগঞ্জের সবকটি উপজেলা এখন পানির নিচে। এমনকি সুরমার বানের পানিতে ডুবে গেছে বিভাগীয় সদর সিলেট নগরের বিভিন্ন এলাকা। বৃষ্টির ও বানের পানি একাকার হয়ে গেছে সিলেট ও সুনামগঞ্জ শহরে। পানিতে ডুবে যাওয়া রাস্তায় ভোগান্তি নিয়ে চলছে যানবাহন ও মানুষজন।
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রমত্তা সুরমার পাশাপাশি সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত লোভা, সারী, পিয়াইন ধলাইসহ সবকটি পাহাড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার কানাইঘাট, জৈন্তাপুর. গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। সিলেটের সালুটিকর-গোয়াইনঘাট তলিয়ে যাওয়ায় সিলেট নগরের সাথে গোয়াইনঘাট উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছড়াও এসব কটি উপজেলার আঞ্চলিক সড়কগুলো তলিয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন।
সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা ও মোগলগাঁও ইউনিয়নের রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে এ বছর সিলেটে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে গত ২৪ ঘন্টায়। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন গণমাধ্যমকে জানান, রোববার (২ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩০৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬১ মিলিমিটার এবং ৯টা থেকে ১২টা পর্যন্ত ১৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, আগমী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ ছাড়া পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয় আগামী ৪৮ ঘণ্টা এবং পরবর্তী ৫ দিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে সুনামগঞ্জ জেলার সবকটি উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। রোববার থেকে জেলা শহরে ঢুকে পড়েছে বন্যার পানি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে সকাল ৯টায় বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৯৬ মিটারে প্রবাহিত হয়েছে। বেলা ১২টায় ৩ সেন্টিমিটার বেড়ে ৭.৯৯ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে।
জেলায় গত কয়েকদিনে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বছরের সর্বোচ্চ ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সোমবার। সুনামগঞ্জে ১৭০ মিলিমিটার এবং ছাতকে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র।