৪ নভেম্বর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দীকী ।
তিনি বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সমবায় ছিল তাঁর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। সমবায়ী এবং সমবায়-সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। শান্তির সমাজ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই। এজন্য সমবায়ীদের আত্মনির্ভরশীল হতে হবে।
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট বিভাগ সমবায় অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সমবায় অধিদপ্তরের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসক প্রাঙ্গণে থেকে বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও সমবায় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান ও বাংলাদেশ বেতারের উপস্থাপক অনিমা দে তন্বীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, সিলেট জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২২ সালে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এএস // প্রেবি // আতারা