২৬ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নামে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নামকরণ হয়েছে। বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী বলেন- ‘আপনারা দেখেছেন, আমার মেয়াদকালে সিলেট মহানগরীতে কয়েকটি চত্বর নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি স্থাপনা এবং চত্বরের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার কর্তৃক জারিকৃত সিটি কর্পোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪-অনুযায়ী নামকরণ প্রস্তাব যাচাই-বাছাই কমিটির সুপারিশ এবং একই বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী দক্ষিণ সুরমায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নামে নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।’
বৃহস্পতিবার দুপুর দেড়টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার একটি অভিজাত কনভেনশন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিসিকের ২০২৩-২০২৪ অর্থবছরের ৯২৫ কোটি ৪ লক্ষ ৪৯ হাজার টাকার এ বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। প্রণয়নকৃত বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ উল্লেখ করা হয়েছে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা জসিম উদ্দিন, গীতা পাঠ করেন সিসিকের সহকারি কর কর্মকর্তা জ্যুাতিস চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ মহানাম ভিক্ষু এবং বাইবেল পাঠ করেন সিলেট প্রেসবিটারিয়ান চার্চের রেভারেন্ড ফিলিপ সমদ্দার। সিলেটে কর্মরত দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ, সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিগণ ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট ডটকম / জেকেএস