২০ ডিসেম্বর ২০২০
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আলোচিত আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদের ভাতিজা হত্যা মামলার আসামি সাদিকুর রহমান আজলাকে (২১) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া মো. সাদিকুর রহমান আজলা কাউন্সিলর আজাদের বড় ভাই সাবেক পৌর কমিশনার মৃত সাজ্জাদুর রহমান সাজুর ছেলে।
শনিবার নগরীর টিলাগড় ভাটাটিকর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার ওবাইনের সমন্বয়ে সদর কোম্পানির একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজলা ২০১৮ সালে শাহপরান থানার একটি হত্যা মামলার আসামি। শাহপরাণ থানায় তার বিরুদ্ধে মামলা (নং-০৪ (০১) ২০১৮) আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।