২৫ অক্টোবর ২০২৩


গোয়াইনঘাটে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের হাওর থেকে কামাল উদ্দীন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভিতরগুল গ্রামের পাহাড়তলী দমদমা হাওর থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহত কামাল উদ্দীন উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। তিনি গরু চোরাই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত ও বিজিবি’র দায়ের করা অ্যাসল্ট মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দমদমা হাওরে কামাল উদ্দীনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারত থেকে অবৈধ পথে আনা গরু চোরাচালানীদের সঙ্গে কামাল উদ্দীনের সম্পৃক্ততা ছিল। সপ্তাহ দিন আগে ভারত থেকে গরু নামাতে গিয়ে বিজিবি তাদের ধাওয়া করে। ওই ঘটনায় বিজিবি থানায় অ্যাসল্ট মামলা দায়ের করে। ওই মামলারও আসামি কামাল উদ্দীন। ধারণা করা হচ্ছে, বিজিবির ধাওয়া খেয়ে হাওরে সাঁতার কেটে পালাতে গিয়ে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এএস // বাদশাহ // আতারা

শেয়ার করুন