২২ অক্টোবর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন। রোববার (২২ অক্টোবর) দুপুরে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। এসময় দালালির অভিযোগে হবিগঞ্জের এক যুবককেও আটক করা হয়েছে।
আটক তরুণী রোজিনা আক্তার রোকেয়া (১৯) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লাহর স্ত্রী। আর দালালির অভিযোগে আটক আমানুর রশীদ মাহী (২৬) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার হারুন মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রোজিনা আক্তার ও আমানুর রশীদ মাহীকে আটক করা হয়েছে। পাসপোর্ট অফিস থেকে এই দুজনের বিরুদ্ধ মামলা করা হয়েছে। এখন আদালতে সোপর্দ করা হবে।
কার্যালয়টির সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, পাসপোর্ট করার জন্য ভুয়া পরিচয়পত্র ও ঠিকানা ব্যবহার করেছিলেন রোহিঙ্গা তরুণী রোকেয়া আক্তার। কিন্তু তাঁকে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট করার কথা স্বীকার করেন রোকেয়া।
এই কর্মকর্তা আরও বলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করেন।
এএস // আতারা