২১ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আরও ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।
রোববার পর্যন্ত মোট ১১ জন ফরম কিনেছেন বলে জানা গেছে। মনোনয়নপত্র কেনা যাবে আরও দুই দিন, জমা দেওয়ারও সময় দুই দিন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন রোববার বিকাল সাড়ে ৪টায় গণমাধ্যমকে জানান- এ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা ১১ জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি)।
আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা কিনেছেন মনোনয়ন।
এদের মধ্যে মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা ও মো. জহিরুল আলম রোববার মনোনয়ন কিনেছেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
সিলেট সিটি করপোরেশনে ওয়ার্ড আছে ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।