১ অক্টোবর ২০২২


সিলেটে থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ নারী দলের দুর্দান্ত ফর্ম ছুটছেই। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা দলটি এবার ঘরের মাঠে এশিয়া কাপেও শুভসূচনা করলো বাংলাদেশ। এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেট আর ৫০ বল হাতে রেখে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড দুইয়ের আন্তর্জাতিক যাত্রা শুরু হলো জয় দিয়ে। বাংলাদেশ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ম্যাচ জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

সকালে টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ড নারী ক্রিকেট দল ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারায় মাত্র ৮২ রানে। বাংলাদেশের পক্ষে সফল বোলার ছিলেন রোমানা আহমেদ, তিনি নেন ৩ উইকেট। এছাড়া দুইটি করে উইকেট নেন নাহিদ আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও সোহেলি আক্তার; অপর উইকেটটি নেন সালমা খাতুন।

৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছায় মাত্র ১১.৪ ওভারে। ওপেনার শামীমা সুলতানা ৩০ বলে করেন ৪৯ রান, যেখানে ছিল ১০টি চারের মার; স্ট্রাইক রেট ১৬৩.৩৩।

৬৯ রানে বাংলাদেশের প্রথম উইকেট পতনের পর বাকি কাজটুকু সারেন ফারজানা হক (২৯ বলে ২৬ রান) ও ও নিগার সুলতানা জ্যোতি (১১ বলে ১০ রান)।

শেয়ার করুন