১২ অক্টোবর ২০২৩
নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় স্কুলছাত্রীসহ দু’জন নিহত। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১২অক্টোবর ) সকালে উপজেলার পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাওসিয়া বেগম (১৩) এবং শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (২০)।
জানা গেছে, সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাস সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দু’জন নিহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
এএস // আতারা