৬ অক্টোবর ২০২৩


বিদ্যালয়ের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষার্থীরা

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর মাছের আড়ত গড়ে উঠেছে। এতে শিক্ষার্থীদের যাতায়তসহ স্বাভাবিক লেখাপড়া করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিদ্যালয়ের সামনে থেকে মাছের আড়তটি অপসারণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নানা দাবি করে আসলে ও মাছের আড়তটি সরানো হয়নি।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাছের দুর্গন্ধে এলাকায় বসবাস ও স্কুলের ছেলে-মেয়েদের লেখাপড়া করা খুবই কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

মাছের আড়তের পচা গন্ধের কারণে স্কুলের ছোট ছোট শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের সামনে মাছের আড়ত গড়ে ওঠায় বাজারের লোকজন বিদ্যালয়ের অভ্যন্তরে প্রস্রাব-পায়খানা করে পরিবেশ দূষিত করছে।

কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিঠির সভাপতি ও মেসার্স সাহা ব্রাদার্সের স্বত্বাধিকারী পংকজ কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর মাছের আড়ত থাকায় ছেলে মেয়েরা প্রতিদিন দুগর্ন্ধের সম্মুখীন হচ্ছে।

এতে শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা অস্বস্থিকর পরিবেশের মধ্যে রয়েছে। এ আড়তটি বিদ্যালয়ের সামনে থেকে সরিয়ে অন্য একটি ভালো জায়গায় দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে এলেও এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে কারণে অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে লেখাপড়া করছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক মামুন জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এমন মাছের আড়ত থাকাটা নজিরবিহীন। এ বিষয় নিয়ে বহুবার কথা বলেছি। আড়তের দুর্গন্ধে শিক্ষার্থীদের ফুসফুসের সংক্রমণসহ নানা রোগের ঝুঁকি রয়েছে।

মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান, লেখাপড়ার সুবিধার্থে মাছের আড়তটি এখান থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়া যায় কি না এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করছি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন