১৫ নভেম্বর ২০২২
বিয়ানীবাজার প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর বিএনপি’র সিলেট গণ সমাবেশকে সামনের রেখে বিয়ানীবাজার পৌরশহরে বিএনপির প্রচার মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌরশহরের দক্ষিণবাজারে এ ঘটনা ঘটে।
এ সময় পৌরশহর জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় নিক্ষিপ্ত ইটের আঘাতের মুসলিম মিয়া নামের এক শ্রমিক আহত হন।
জানা যায়, সারা দেশের মতো আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপি’র গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ গণসমাবেশকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বিএনপি’র পূর্ব নির্ধারীত কর্মসূচীর অংশ হিসাবে বিয়ানীবাজার পৌরশহর ও আশপাশ এলাকার প্রচার পত্র বিতরণ শুরু করে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকমীরা।
এ সময় ছাত্রদল মিছিল শুরু করলে উপজেলা ছাত্রলীগের বিবদমান গ্রুপ একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। এসময় ছাত্রদল নেতাকর্মীরাও ছাত্রলীগকে পাল্টা ধাওয়া করে। এর পর বেলা ৩টার দিকে পৌরশহরের লামাবাজার এলাকায় সংক্ষিপ্ত পথ সভা করে বিএনপি। এ পথ সভায় জেলা বিএনপি’র সভাপতি কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরী, বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী বক্তব্য রাখেন।