৩১ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : দুবাই থেকে আসা একটি ফ্লাইট তল্লাশি চালিয়ে ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ৪০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইট (বিজি-২৪৮) এর ২৮বি সিটের নীচ তল্লাশি করে এ বারগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, দুবাই থেকে আসা ফ্লাইটটি সকাল ৭ টায় সিলেট অবতরণের কথা ছিলো। বৈরি আবহাওয়ারর কারণে বিমানটি সিলেট অবতরণ না করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সাড়ে ১১টায় বিমানটি সিলেট পৌছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদফতর তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে সোনার বার উদ্ধার করে। তবে কাউকে আটক করা যায়নি।
শুল্ক গোয়েন্দা অধিদফতর, সিলেটের সহকারী রাজস্ব কর্মকর্তা দেবাশিষ দে বলেন, ফ্লাইট তল্লাশি করে ২ কোটি টাকা মূল্যের ৪০ পিস সোনার বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাস্টমস বাদী হয়ে মামলা করবে।
(আজকের সিলেট/৩১ মার্চ/ডি/এসসি/ঘ.)