২ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
ফের ভুমিকম্পে কেঁপে উঠল সিলেট। সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে রিখটার স্কেল ৫.২ মাত্রার ভূ-কম্পন হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট সীমান্ত ঘেঁষে ভারতের মেঘালয় রাজ্যে। তবে এতে তাৎক্ষণিকভাবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সুপারভাইজার মো. জহিরুল ইসলাম।
বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকমাসের বা সাম্প্রতিক সময়ের ছোটো-ছোটো ভূকম্পন গুলো বড় কোন ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। তবে, এমনটাও হতে পারে, শক্তিশালী ভূমিকম্প ছোটো ছোট কম্পনে শক্তি হারাচ্ছে।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টা ১৮ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূ-কম্পন অনুভূত হয়। এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের খাছাড় এলাকা।
এছাড়া গত ১৪ আগষ্ট ও ২৯ আগষ্ট দু’দফা সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়েছে। যথাক্রমে এগুলোর মাত্রা ছিলো ৫ দশমিক ৫ ও ৩ দশমিক ৫।
আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)