১৮ আগস্ট ২০২২
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে বাঁশঝাড় থেকে জাবের আহমদ (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাবের আহমদ বড়গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের বড়গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাবেরের বাবা আব্দুল মতিন জানান, সকালে বাড়ির পাশে জমিতে ধান রোপণের জন্য যায় জাবের। দুপুর ১২টার দিকে খাবার নিয়ে তার মা ওই জমিতে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে বাঁশঝাড়ে গলায় ফাঁস লাগানো জাবেরের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন ও পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তার হাতে ইংরেজিতে জে প্লাস এস লেখা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।