২৫ সেপ্টেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি: গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ কয়েছ মিয়া আঞ্চলিক পর্যায়ে সিলেট চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের মধ্যে প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ জানান, ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে প্রজাপতি সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে কয়েছ মিয়া। ( সিলেট , চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের মধ্যে – যা চট্টগ্রাম এম এ আজিজ সুইমিং পুলে অনুষ্ঠিত হয়) । সে জাতীয় পর্যায়ে আগামী ২৭ ও ২৮ তারিখে সিলেটে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ।
এছাড়াও সে ২০২৩ সালে সিলেট জেলা পর্যায়ে সাঁতার(বড়) (মুক্ত, বুক ও প্রজাপতি সাঁতার) এই তিনটি ইভেন্টে মোঃ কয়েছ মিয়া অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। সে ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী। এর আগে ২০২২ সালে কয়েছ মিয়া সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলো।
এদিকে তার এ ধারাবাহিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেছেন সে যেন পরবর্তী পদক্ষেপ জাতীয় পর্যায়ে এ সাফল্যে ধরে রেখে গোয়াইনঘাট তথা সিলেটবাসীর সম্মান বয়ে আনতে পারে।