৩০ আগস্ট ২০২৩
শান্তিগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামে পানিতে ডুবে মাহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় রুহান (৭) নামের অপর শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য প্রেরণ করেন স্থানীয়রা। বুধবার (৩০ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় দিকে এন ঘটনা ঘটে।
নিহত শিশু মাহা পশ্চিম পাগলার চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের সৌদি প্রবাসী আফিজুর রহমানের মেয়ে এবং গুরুতর আহত রুহান একই গ্রামের তখজ্জুল হকের ছেলে।
জানা যায়, চন্দ্রপুর গ্রাম সংলগ্ন মাঠে একসাথে গোসল করে পানিতে নামে নিহত মাহা ও তার ভাই তাহসিন এবং রুহান ও তার ভাই মারওয়ান। গোসলের একপর্যায়ে মারওয়ান চিৎকার শুনে চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের জমিরুল হকের ছেলে ফাহিম দৌড়ে এসে হাবুডুবু করতে থাকা রুহানকে উদ্ধার করতে সক্ষম হন।
পরে তাকে চিকিৎসার জন্য শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার পরিবার।
এদিকে রুহানকে উদ্ধারের অনেকক্ষণ পর নিহত মাহার ভাই তাহসিন মাহার পানিতে ডুবে যাওয়ার কথা বললে আজাদ হোসেনসহ স্থানীয়রা আবারও মাহার খুঁজতে পানিতে নামেন। অনেক খোঁজাখুঁজির পর মাহার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এরপর মাহার পরিবার তাকে নিয়ে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আফরিন আক্তার জানান, মাহা নামের এক শিশু ইতিমধ্যে মারা গেছে। রুহান নামের অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রেরণ শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তির জন্য স্থানান্তর করা হয়েছে।