৫ নভেম্বর ২০১৯
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তাজেল আহমদ (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক। নিহত তাজেল আহমদ উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
মঙ্গলবার সকালে বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি বাস বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনার সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাজেল। এমন সময় বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং বাসের চাপায় পথচারীর মৃত্যু হয়।
বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।