২৪ আগস্ট ২০২৩


জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ নিয়ে তোলপাড়

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : মঙ্গলবার আচমকাই জাতীয় পার্টিতে (জাপা) শোরগোল। জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে, দলটির পৃষ্ঠপোষক রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। এতে দলটির ৪ জন কো চেয়ারম্যান ও ২ জন প্রেসিডিয়াম সদস্যেরও সায় আছে, এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়।

রওশন এরশাদ দলটির নতুন চেয়ারম্যান এমন খবরে বনানীতে জিএম কাদেরের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন জাপার অনেক নেতাকর্মীও।

এমন এক সময় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিন দিনের সফরে ভারতে অবস্থান করছেন।

জাতীয় পার্টির এ ধরনের অভ্যন্তরীণ কোন্দল নতুন নয়। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ দলটির চেয়ারম্যান থাকার সময়ও একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছেন তার স্ত্রী ও দলটির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এরশাদের মৃত্যুর পর দেবর ও দলের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দ্বন্দ্বে জড়ান রওশন।

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ একাধিক নেতা জানিয়েছেন, রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া তথ্যটি সঠিক নয়। জাতীয় পার্টির গঠনতন্ত্রে এভাবে চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গণমাধ্যমকে বলেন, যারা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বিস্তারিত বলতে পারবে।

শেয়ার করুন