২৩ আগস্ট ২০২৩
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন মদনপুর এলাকায় কার্ভাডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। নিহত অটোরিকশা চালক জিয়াউল ইসলাম (২৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের শাবাজ আলীর ছেলে।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে মদনপুর এলাকায় সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ছাতকগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ঘটনাস্থল থেকে অটোচালকের লাশ উদ্ধার করেছি।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ জানান- দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।