২২ আগস্ট ২০২৩


জগন্নাথপুরে সেতু ভেঙে ট্রাক নদীতে : ১ জনের লাশ উদ্ধার

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলি সেতুটি ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেল্পার নিখোঁজ হন। পরে প্রায় দুঘন্টার উদ্ধার কাজ চালানোর পর একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নলজোড় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ট্রাকচালকের নাম ফারুক আহমদ (৪২)। তাঁর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিলো। অতিরিক্ত ভার বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙ্গে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে ছিলেন চালক ও তার সহকারী। এর মধ্যে চালকের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। তবে সহকারী এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে।

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সুনামগঞ্জ জেলা পুলিশের এএসপি (জগন্নাথপুর সার্কেল) সুভাষ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বেঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ সহকারীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শেয়ার করুন