১১ আগস্ট ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : ১৬ বছর বয়সে খুন করে দীর্ঘ ৩৩ বছর পালিয়ে থাকার পর ৫৬ বছর বয়সে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাও গ্রামের চরন মিয়ার ছেলে মাসুক মিয়া। তিনি চাঞ্চল্যকর আব্দুস সালাম হত্যা মামলার আসামী। আব্দুস সালাম একই গ্রামের হাছন আলীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দের করগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ১৯৯০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পুরকায়স্থ বাজার হতে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আব্দুস সালামকে নির্মমভাবে হত্যা করেন মাসুক মিয়া। হত্যার পর তিনি কৌশলে চট্রগ্রাম যান। সেখানে ৫/৬ মাস থাকার পর চাচা আরজদ আলীর কাছে ভারতে চলে যান। আরজদ আলী পাকিস্থান আমল থেকেই ভারতে অবস্থান করছিলেন। সেখানে চাচার আশ্রয়ে থেকে দীর্ঘ ৩৩বছর কাটিয়ে দেন। মাঝে মধ্যে ছদ্মবেশে দেশে ২/১ মাস অবস্থান করে আবার ভারতে চলে যেতেন।
সম্প্রতি আবারও দেশে আসলে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই লুৎফুর রহমানসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তিনি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং- ০৮(০৪)৯০), জি.আর মামলা নং- ৩৯/৯০, দায়রা নং ২৯/৯১ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।