২ আগস্ট ২০২৩
আজকের সিলেট ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর পৃথক মেয়াদে কারাদণ্ড হয়েছে। তারেক রহমানের দণ্ড হয়েছে ৯ বছরের এবং স্ত্রী জোবায়দা রহমানের কারাদণ্ড হয়েছে ৩ বছরের।
বুধবার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান এ দণ্ডাদেশ ঘোষণা করেন।
এর আগে রায় ঘিরে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
দুদকের করা এ মামলায় গত ১৩ এপ্রিল এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার কার্জ শুরু করেন আদালত। মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তি তর্ক শেষে আদালত গত ২৭ জুলাই রায়ের ঘোষণার জন্য ২ আগস্ট ধার্য করেন।
বিগত ২০০৭ সালে সেনাসমর্থিত সরকার আমলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে এ মামলা করে দুদক। তখন তারেক রহমান গ্রেপ্তার হয়েছিলেন। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে তিনি সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফেরেননি।
লন্ডনে থেকেই বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হন তারেক। মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নেন তিনি।
অন্যদিকে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে ছিলেন। প্রবাসে যাওয়ার সময় ছুটি নিয়ে গেলেও পরে আর কর্মস্থলে না ফেরায় ২০১৪ সালে চাকরি থেকে বরখাস্ত হন।
দুদকের এ মামলাটিসহ তারেক রহমানের বিরুদ্ধে মোট পাঁচটি মামলায় সাজার রায় দেওয়া হয়েছে। তারেক বিদেশে থাকা অবস্থায়ই মামলাগুলোর রায় হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে দুই বছর, অর্থ পাচারের দায়ে সাত বছর, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং একুশে আগস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় তার।