১ আগস্ট ২০২৩
মধ্যনগর সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের সালিয়ানী গ্রামে বালতির পানিতে ডুবে অলিউল্লাহ (১) নামে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা আড়াইটার দিকে সালিয়ানী গ্রামে সামির আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত অলিউল্লাহ সালিয়ানী গ্রামের কাসেম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটির বাবা-মা তাকে বারান্দায় রেখে গৃহস্থালির কাজ করছিলেন। এসময় শিশুটির মা-বাবার অগোচরে বারান্দায় থাকা পানি ভর্তি একটি বালতিতে খেলার একপর্যায়ে মাথা পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে অলি উল্লাহর মৃত্যু হয়েছে।
অলি উল্লাহর মা তার মাথা নিচ দিকে দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে মধ্যনগর বাজারে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে আসে। স্থানীয় চিকিৎসক শিশু অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আলী উসমান।