২০ জুলাই ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ‘শ্রীপুর’ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিভাতে গিয়ে ৬ জন আহত হয়েছেন। তে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিনগত রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ৫ জনকে শ্রীপুর উপ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজন গুরুতর আহত হওহায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ‘শ্রীপুর’ বাজারের ব্যবসায়ী ইঞ্জিন মেকানিক আংগুর আলমের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে বাজারের পাহারাদার আজম খান আগুনের শিখা দেখতে পান। মহুত্বের মধ্যেই আগুনের শিখা দাউ দাউ করে চড়িয়ে পড়ে। পরে তিনি চিৎকার দিলে বাজারের দোকানদার সহ আশ পাশের কয়েকটি গ্রামের মানুষ দৌড়ে এসে বালতির মধ্যে পানি দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে প্রায় দুই ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে নেন। আগুন নিয়ন্ত্রণের আগেই ৫ টি দোকান ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে রাত সাড়ে ১২ টারদিকে তাহিরপুর সদর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসেন। অপরদিকে রাতেই তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। বাজারের ব্যবসায়ীদের ধারণা এই অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তাৎক্ষণিক বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ইলেকট্রনিক দোকানের মালিক রতন মিয়া বলেন, খুব কষ্ট করে দোকান দিয়েছিলাম, নিজের বসত বিটা বাড়ি বলতে কিছু নেই। সরকারের দেওয়া গুচ্ছ গ্রামে থাকি। আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে এখন নিঃস্ব হয়ে গেছি।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার জানান, ঘুম থেকে উঠে বাজারে গিয়ে দেখি আগুন আর আগুন। আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ছিল। বাজারে পাশে পানি থাকায় অল্পের জন্য পুরো বাজার রক্ষা হয়েছে। গ্রামবাসী ঝাপিয়ে না পড়লে বাজারের বড় ক্ষতি হয়ে যেতো।
ফায়ার সার্ভিসের ডিফেন্স টিমের সাব অফিসার চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা সদর থেকে দূর হওয়ায় আমরা যাওয়ার পূর্বেই বাজারবাসী ও গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে নেন। ধারণা করা যাচ্ছে, বিদ্যুতের সট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।