২০ জুলাই ২০২৩


জৈন্তাপুরে ভারতীয় সীমান্তে গুলিতে প্রাণ গেলো শ্রমিকের

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় সীমান্ত এলাকায় রুবেল আহমদ (২২) নামে এক শ্রমিক গুলিতে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার সকাল ৭ টার সময় উপজেলার লালাখাল সীমান্তের ১৩০১ নম্বর আন্তর্জাতিক পিলারের কালিঞ্জী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের রুবেল উপজেলার কালিঞ্জী গ্রামের মৃত ঈসমাইল আলীর ছেলে। তিনি পেশায় বারকি শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

জানা যায়, সীমান্ত এলাকায় নৌকাযোগে পাথর আনতে গিয়ে লালাখাল সীমান্তের ১৩০১ নম্বর আন্তর্জাতিক পিলারের কালিঞ্জী এলাকায় প্রবেশ করতেই ভারতীয় অংশ থেকে গুলি আসতে শুরু করে। এতে রুবেল আহমদসহ চারজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এসময় চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে রুবেল আহমদ মারা যান।

জৈন্তাপুর মডেল থানার (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় একজন গুলিতে নিহত হয়েছেন। তবে কার গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত নয়। আইনানুগ পক্রিয়া শেষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন